মিডিয়াটেকের আয়ে ২৩.১ শতাংশ প্রবৃদ্ধি

১৬ ফেব্রুয়ারি, ২০২২ ০০:৪৫  
চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিডিয়াটেক গত জানুয়ারিতে আয়ের ক্ষেত্রে বেশ প্রবৃদ্ধি দেখেছে। ২০২১ সালের জানুয়ারির তুলনায় এবছরের জানুয়ারিতে আয় ২৩ দশমিক এক শতাংশ বেড়েছে। খবর ইটি টেলিকম। খবরে বলা হয়, গত ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে আয় বেড়েছে পাঁচ দশমিক আট শতাংশ। ২০২২ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠানটির মোট আয়ের পরিমাণ ৪ হাজার ৩৫০ কোটি নিউ তাইওয়ান ডলার বা ১৫৫ কোটি ডলার। আইটিহোম প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মিডিয়াটেক ২০২২ সালের প্রথম প্রান্তিকে ১৩ হাজার ১০০ থেকে ১৪ হাজার ১৫০ কোটি নিউ তাইওয়ান ডলার আয়ের পূর্বাভাস দিয়েছিলো, যা গত প্রান্তিকের তুলনায় ২.১০ শতাংশ এবং গত বছরের তুলনায় ২১.৩১ শতাংশ বেশি। মিডিয়াটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা সাই লিক্সিং এক বিবৃতিতে জানান, ফাইভজি প্রযুক্তির চাহিদা এবং ফ্ল্যাগশিপ চিপসেট ডাইমেনসিটি ৯০০০-এর বাজারজাতকরণ এই আয় বৃদ্ধির অন্যতম কারণ। উল্লেখ্য, মিডিয়াটেক বর্তমানে স্মার্টফোন চিপসেট সেগমেন্টে বেশি নজর দিচ্ছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে ৩৯ শতাংশ বাজার দখলের লক্ষ্যমাত্রা রয়েছে কোম্পানিটির। ডিবিটেক/বিএমটি